দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়, ডারউইনের মারারা স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে বেশ গুরুত্বের সাথেই দেখছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি টাইগারদের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বাংলাদেশ দলকে মূল্যায়ন করতে গিয়ে কামিন্স জানান, তার ক্যারিয়ারে কোনো টেস্ট ম্যাচই সহজ ছিল না। তিনি বলেন, ‘আমার মনে হয় না, আমি কখনো সহজ কোনো টেস্ট ম্যাচ খেলেছি। তাই বাংলাদেশও শক্ত প্রতিপক্ষ হবে বলেই আমার ধারণা। তাদের দলের কয়েকজন ক্রিকেটারের সাথে আমাদের খুব একটা দেখা হয়নি, ফলে মাঠের লড়াইয়ের আগে কিছুটা অজানা পরিস্থিতি থাকবেই।’
গত কয়েক বছরে বাংলাদেশের পারফরম্যান্স এবং বড় জয়গুলো কামিন্সের নজর এড়ায়নি। তিনি বলেন, ‘গত কয়েক বছরে তারা বেশ কিছু বড় জয় পেয়েছে এবং দলে বেশ কিছু ভালো প্রতিভা রয়েছে। তাই আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে।’ কামিন্সের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের বড় মঞ্চে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে সবসময়ই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। তিনি আরও যোগ করেন, ‘আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে আপনি কিছুটা নার্ভাস থাকবেন, কারণ তাদের দলে বেশ কিছু বড় মাপের খেলোয়াড় রয়েছে।’
ডারউইনের উইকেট নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন অজি অধিনায়ক। তার ধারণা, উইকেটটি ব্যাটিংয়ের জন্য সহায়ক হলেও পেসাররা এখান থেকে সুবিধা পাবেন। কামিন্স বলেন, ‘উইকেটটি দেখতে ও স্পর্শে বেশ শক্ত মনে হয়েছে, যা ব্যাটিংয়ের জন্য ভালো হতে পারে। গত বছর এখানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের একটি ম্যাচ হয়েছিল, যেখানে ভালো ব্যাটিং উইকেটের পাশাপাশি পেস ও বাউন্সও ছিল।’
সূত্র: Daily Amar Desh


মন্তব্য