মোঃ সোহেল রানা,বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং স্থানীয় ক্রীড়াবিদদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বান্দরবান হিল রানার্সসহ ফুটবল, ক্রিকেট, কারাতে, বক্সিং, উশু, দাবা, কাবাডি ও হকিসহ বিভিন্ন ক্রীড়াঙ্গনের খেলোয়াড় ও প্রতিনিধিরা অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জাহাঙ্গীর আলম।সভায় মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার কাজ করছে। বান্দরবানের স্টেডিয়াম সংস্কার ও নতুন অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্রীড়াবিদেরা যাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।তিনি আরও বলেন, স্টেডিয়ামগুলোর উন্নয়ন করা হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার পরিধি বাড়বে। পাশাপাশি জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগও সম্প্রসারিত হবে।জেলা প্রশাসক নাজনীন সুলতানা বলেন, জেলার বিভিন্ন খেলাধুলার উন্নয়ন, ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।সভায় বান্দরবান হিল রানার্সের সভাপতি ডা. শান্তনু দাশ বলেন, কিশোর-তরুণসহ সব বয়সী মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কাজ করছে বান্দরবান হিল রানার্স। তিনি সবাইকে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার পাশাপাশি অন্যদেরও খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান।তিনি আরও জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দুটি ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বান্দরবান হিল রানার্সের ১০ থেকে ১২ জন সদস্য।বান্দরবান ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক শিমুল দাশ সভায় রেফারিদের কাজের সুবিধার্থে একটি পৃথক কক্ষের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ছাড়া স্থানীয় রেফারিদের দায়িত্ব পালনের সুযোগ বৃদ্ধি এবং তাঁদের সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের বিষয়েও আলোচনা করেন।সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবর রশিদ ও সা শৈ প্রু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ক্রীড়া সদস্য কাজী নিরুতাজ বেগম, জেলা ক্রীড়া সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি উম্মে কুলসুম লীনা, বান্দরবান হিল রানার্সের সাধারণ সম্পাদক মো. আরিফ, বান্দরবান বক্সিং একাডেমির চেয়ারম্যান মো. মাহফুজুর রশিদ বাচ্চু, জেলা ফুটবলের জ্যেষ্ঠ কোচ মো. শহীদুল রহমান (সোহেল) এবং বান্দরবান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা।মতবিনিময় সভার একপর্যায়ে ক্রীড়াবিদ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।





মন্তব্য