আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। ক্রীড়াঙ্গনে পরিচিতি ধরে রাখার পাশাপাশি এবার মানবিক সেবায় হাত বাড়িয়েছে চট্টগ্রামের সাতকানিয়ার সতিপাড়া এফসি স্টার ক্লাব। স্থানীয় তরুণদের উদ্যোগে গঠিত অরাজনৈতিক এই সংগঠনটি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সাতকানিয়ার সতিপাড়ায় আয়োজিত এই ক্যাম্পে সকাল থেকেই রোগীদের ভিড় জমতে থাকে। সাতকানিয়া পৌরসভা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, শিশু, পুরুষ এবং প্রবীণ নাগরিকরা সেবা নিতে আসেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভোগা নিম্নআয়ের অনেক মানুষও ক্যাম্পে উপস্থিত হন।
আয়োজকদের সূত্রে জানা যায়, ক্যাম্পে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেরিন সিটি হাসপাতাল ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সেবা দেন। মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা (গাইনি), চক্ষু এবং হৃদরোগসহ (কার্ডিওলজি) বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যাদের পক্ষে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া কঠিন, তাদের কাছে এই ক্যাম্প ছিল স্বস্তির। সেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, হাতের কাছে এমন চিকিৎসাসেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্লাবের স্বেচ্ছাসেবক ও সদস্যদের সক্রিয় ভূমিকা দেখা যায়। আগত রোগীদের সারিবদ্ধভাবে কক্ষে নেওয়া, তথ্য সহায়তা এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করেন।সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই খেলাধুলাকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনা করে আসছে সতিপাড়া এফসি স্টার ক্লাব। এর ধারাবাহিকতায় এবার জনস্বাস্থ্য ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত হলো সংগঠনটি।
এলাকার বিশিষ্টজন ও সচেতন নাগরিকরা মনে করেন, তরুণদের এমন সামাজিক সম্পৃক্ততা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। ক্রীড়াচর্চার পাশাপাশি মানবিক এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।





মন্তব্য