বাবা হোর্হে মেসির প্রয়াণে গভীর শোকে নিমজ্জিত আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জীবনের এই কঠিনতম সময়ে প্রিয় অধিনায়কের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থরা। বোকা জুনিয়র্সের অধিনায়ক ও আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস জানিয়েছেন, তিনি মেসির বাবার শেষকৃত্যে অংশ নিতে রোজারিও যাওয়ার পরিকল্পনা করছেন।
পার্কে পাত্রিসিওসে ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে বোকা জুনিয়র্সের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পারেদেস। সেখানে তিনি মেসির প্রতি গভীর সমবেদনা জানান এবং জাতীয় দলের সতীর্থদের পক্ষ থেকে ভালোবাসার বার্তা পৌঁছে দেন। পারেদেস বলেন, মেসির সঙ্গে এখনো তাঁর সরাসরি কথা হয়নি, কারণ তিনি বর্তমানে ভ্রমণের মধ্যে রয়েছেন। তবে মেসি যখন রোজারিওতে পৌঁছাবেন, তখন তাঁর পাশে থাকার জন্য সতীর্থরা প্রস্তুত আছেন বলে তিনি জানান।
নিজের পরিকল্পনার কথা জানিয়ে পারেদেস বলেন, তিনি এখন কয়েকজন সতীর্থের সঙ্গে আলোচনা করবেন যে তারা এখনই রওনা হবেন নাকি আগামীকাল দুপুরের পর রোজারিওতে যাবেন। পারেদেস আরও বলেন, মেসির প্রতি তাদের যে গভীর শ্রদ্ধা ও গুরুত্ব রয়েছে, সেই জায়গা থেকেই তারা এই শোককে নিজেদের শোক হিসেবেই দেখছেন। তিনি বিশ্বাস করেন, এই দুঃসময়ে সতীর্থদের উপস্থিতি মেসির জন্য কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনবে।
উল্লেখ্য, বাবাকে শেষ বিদায় জানাতে মিয়ামি থেকে নিজ শহর রোজারিওতে ফিরেছেন মেসি। ক্যারিয়ারের শুরু থেকেই যিনি তাঁর ছায়ার মতো পাশে ছিলেন, সেই হোর্হে মেসির মৃত্যুতে ভেঙে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষকৃত্য অনুষ্ঠানটি একান্তই পারিবারিক হলেও, মেসি ও তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে রোজারিওতে ভিড় করছেন অসংখ্য ভক্ত-সমর্থক।
পারেদেস বলেন, ‘আমি তাঁর সঙ্গে কথা বলতে পারিনি।
আমরা এখানে থাকলে নিশ্চয়ই তাঁর ভালো লাগবে, এই ভেবে তিনি এসে পৌঁছানো পর্যন্ত তাঁর পাশে থাকার অপেক্ষায় আছি।’
আমাদের কাছে তাঁর (মেসির) যে গুরুত্ব, সে কারণে আমরা এই শোককে নিজেদের বলেই মনে করছি।’
সূত্র: Daily Amar Desh


মন্তব্য