জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের দাবি বা টানাটানি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই নিয়ে টানাটানি করলে এটি আমাদের কারোই থাকবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাসনে না থাকলে জুলাই গণঅভ্যুত্থান এভাবে সংগঠিত হওয়া সম্ভব ছিল না, কারণ দেশে থাকা অনেককেই তখন কারাগারে বন্দি রাখা হয়েছিল। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন কেবল ৩৬ দিনের ঘটনা নয়, বরং এর সূচনা হয়েছিল ২০০৯ সালে। সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, ৭১-এর চেতনা বিক্রি করতে গিয়েই শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দিল্লি যেতে হয়েছে। তাই জুলাইয়ের চেতনাকে পুঁজি করে রাজনীতি করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে আলোচনার জন্য সবাইকে একসঙ্গে বসতে হবে। তিনি আরও জানান, বিএনপি ও বর্তমান সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে। এছাড়া সবার মতামত নিয়ে সরকার এমনভাবে সংবিধান সংশোধন করতে চায়, যাতে তা দীর্ঘমেয়াদি হয়।
আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দলটির পরিণতি নির্ধারণ করবে আদালত। গণহত্যার জন্য দায়ী এই দলকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। তিনি আরও যোগ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল এবং দেশের মানুষ একমত। সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক মতপার্থক্য বা বাহাস থাকলেও, আওয়ামী লীগ যাতে আর ফিরে আসতে না পারে, সেই প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ।
জুলাই আন্দোলন ৩৬ দিনে হয়নি, এর শুরু হয়েছিল ২০০৯ সালে।”
জুলাই নিয়ে কৃতিত্ব নেওয়ার জন্য এমন কিছু যেন করা না হয়।
সূত্র: Daily Adin


মন্তব্য