মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রায় পাঁচ বছর ধরে অবহেলায় পড়ে আছে কোটি টাকা মূল্যের একটি লাইফ সাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। করোনাকালে ভারত সরকারের উপহার হিসেবে পাওয়া বিশেষায়িত অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় এর কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দক্ষিণ-পশ্চিম কোণে একটি ছোট টিনের ছাউনির নিচে পড়ে আছে অ্যাম্বুলেন্সটি। গাড়ির গায়ে লেখা রয়েছে—‘ফ্রম দ্য পিপলস অব ইন্ডিয়া টু দ্য পিপলস অব বাংলাদেশ’। প্রায় পাঁচ বছর আগে যেভাবে রাখা হয়েছিল, এখনো সেভাবেই পড়ে আছে গাড়িটি।স্বাস্থ্য কেন্দ্র সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ২০২০ সালের শেষ দিকে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের সেবার জন্য ভারত সরকার অ্যাম্বুলেন্সটি উপহার দেয়। রাউজানের তৎকালীন সংসদ সদস্য ও বর্তমানে কারাবন্দি ফজলে করিম চৌধুরী অ্যাম্বুলেন্সটি গ্রহণ করেন। পরে তাঁর নির্দেশনায় এটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়।সূত্র জানায়, ২০২১ সালের নভেম্বর মাসে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় তৎকালীন সংসদ সদস্য অ্যাম্বুলেন্সটি ভারত সরকারের উপহার হিসেবে পাওয়ার বিষয়টি তুলে ধরেন। করোনা আক্রান্ত রোগীদের সেবায় এটি দেওয়া হয়েছে জানিয়ে তিনি ভারত সরকারকে ধন্যবাদ প্রস্তাব জানানোর অনুরোধ করেন। ওই সভার রেজ্যুলেশনেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।
স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অ্যাম্বুলেন্সটি গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়ায় স্বাস্থ্য বিভাগের সরাসরি সম্পৃক্ততা ছিল না। তৎকালীন সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী এটি স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়। দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সটির রক্ষণাবেক্ষণ ও ব্যবহার নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি পাঠানো হলেও কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা পাওয়া যায়নি।উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের শিশু বিষয়ক কনসালটেন্ট ডা. কামাল পাশা বলেন, অ্যাম্বুলেন্সটি পরিচালনায় যে পরিমাণ জ্বালানি প্রয়োজন, তা কয়েকটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জ্বালানি বরাদ্দ একত্র করলেও যথেষ্ট হবে না। এর ভেতরে থাকা বিশেষায়িত চিকিৎসা সুবিধা কার্যকরভাবে ব্যবহার করতে প্রশিক্ষিত চালকও প্রয়োজন।স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে সেখানে দুটি অ্যাম্বুলেন্স সচল থাকলেও চালক রয়েছেন মাত্র একজন।অ্যাম্বুলেন্সটির বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার (টিএইচও) সঙ্গে কথা বলার পরামর্শ দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মানষ কুমার চৌধুরী বলেন, তিনি নতুন যোগদান করেছেন। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাবেন।





মন্তব্য