আবদুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় জমি কিনে দেওয়ার কথা বলে প্রায় এক কোটি টাকা নেওয়ার পর উল্টো জমি দখলে নেওয়ার চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার কেরানীহাট এলাকার একটি রিসোর্টে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলে ধরেন মোহাম্মদ শাহজাহান ও লিয়াকত।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারীরা দাবি করেন, সাতকানিয়ার উত্তর ঢেমশা মৌজার গরুর বাজার সংলগ্ন একটি জমি মূল মালিকের কাছ থেকে কিনে রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাসে আব্দুস সালাম নামের এক ব্যক্তি একাধিক চুক্তির মাধ্যমে প্রায় কোটি টাকা নেন। তবে টাকা নেওয়ার পরও জমি বুঝিয়ে না দিয়ে তিনি নিজেই তা দখলে রাখার চেষ্টা করছেন এবং ভোগদখলে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৩ সালের জানুয়ারিতে বৈধ দলিলমূলে ১৬ শতক জমি কেনা হলেও আব্দুস সালাম ও তাঁর ছেলে নাজিম উদ্দিন প্রভাব খাটিয়ে তাঁদের ভয়ভীতি দেখাচ্ছেন। অভিযোগকারীদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ ও মামলা থাকায় তাঁরা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট জমির দলিল ও নামজারি যাচাই এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
তবে সংবাদ সম্মেলনে আনা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুস সালাম ও নাজিম উদ্দিনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





মন্তব্য