দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২০ আগস্ট বৃহস্পতিবার অধিদফতরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের বেতন বিল ছাড় করা হবে না। অনুপস্থিতির বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৬ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগে প্রধানমন্ত্রীর পরিদর্শনের সময় দেওয়া অনুশাসনগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যেই ওই সভার আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিতির হার শতভাগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে বর্তমানে স্থাপিত বায়োমেট্রিক হাজিরা মেশিনগুলো সচল রাখতে হবে। এর পাশাপাশি পর্যায়ক্রমে বায়োমেট্রিক ফেস রিকগনিশন প্রযুক্তি চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের দায়িত্ব হবে চিকিৎসক ও কর্মীদের উপস্থিতি যাচাই করে বেতন বিল অনুমোদন করা।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো স্বাস্থ্যকর্মী কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতির কারণ ও বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন বিল প্রদান করা যাবে না। এছাড়া, সব স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালকে কর্মকর্তা-কর্মচারীদের ই-হাজিরা সংক্রান্ত সাপ্তাহিক প্রতিবেদন নিয়মিতভাবে স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের (প্রশাসন) কার্যালয়ে পাঠাতে হবে।
সূত্র: ডেইলি বাংলাদেশ


মন্তব্য