মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম নগরের প্রায় ১০০টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) দিনব্যাপী নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, অতীতে হামলা-মামলার মধ্যেও তাঁরা রাজপথে ছিলেন, কখনো রাজপথ ছেড়ে যাননি। আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য প্রতিহত করতে তাঁরা রাজপথে রয়েছেন।নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শাহাদাত হোসেন বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় থাকবেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে।এদিকে নগরের লালখান বাজার এলাকায় অবস্থান কর্মসূচিতে মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, গোপালগঞ্জের মতো পরিস্থিতি দেশের অন্য কোনো অঞ্চলে সৃষ্টির চেষ্টা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে। তাঁর অভিযোগ, গোপালগঞ্জে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে। একটি গোষ্ঠী বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
গত শনিবার রাতে গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলায় যাওয়ার পথে কয়েকজনকে গণধোলাই দেওয়ার প্রসঙ্গ টেনে নাজিমুর রহমান বলেন, ‘গণধোলাই থেকে বাঁচতে চাইলে এসব অপকর্ম থেকে সরে আসুন।’তিনি আরও বলেন, তথাকথিত লকডাউনের নামে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এর প্রতিবাদেই বিএনপি অবস্থান কর্মসূচি পালন করছে। যারা অগ্নিসন্ত্রাস করছে, মানুষের ঘরবাড়ি ও যানবাহনে আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে তাঁরা অবস্থান নিয়েছেন।নাজিমুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন এলাকা ও গ্রামগঞ্জ থেকে লোকজন শহরে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গতকাল বা গত পরশু যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের অনেকেই এই শহরের বাসিন্দা নন বলে দাবি করেন তিনি। তাঁর ধারণা, তাঁরা অন্য এলাকা থেকে এসে এসব কর্মকাণ্ডে জড়িয়েছেন।তিনি বলেন, জনসচেতনতা তৈরি ও মানুষের কল্যাণে বিএনপি কাজ করলে জনগণ দলটির পাশে থাকবে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের জনগণই প্রতিরোধ করবে।নগরের লালখান বাজার, চকবাজার, হালিশহর, আগ্রাবাদ, বাকলিয়া এক্সেস রোড ও বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি দেখা গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।





মন্তব্য