সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফারহান অ্যাগ্রো প্রসেসর নামের একটি বেকারি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ঝাউগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।অভিযান শেষে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আজাদকে (৩৫) এ অর্থদণ্ড দেওয়া হয়। তিনি কামাল উদ্দিন মৃধার ছেলে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, খাদ্য ব্যবসায়ীদের আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব ও শর্ত মেনে ব্যবসা পরিচালনা করতে হয়। এসব বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের প্রতিটি পর্যায়ে প্রচলিত আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।





মন্তব্য