সরওয়ার কামাল কক্সবাজার
কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় নির্মিত দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়ি উদ্বোধন করা হয়েছে।২৩ নভেম্বর (সোমবার) বিকালে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ আনুষ্ঠানিকভাবে ঘরটির উদ্বোধন করেন। এ সময় তিনি ঘরটি অসহায় সুবিধাভোগীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।জানা যায়, মহেশখালী পৌরসভার রাখাইন পাড়ার এক হতদরিদ্র, স্বামী-সন্তানহীন বৃদ্ধার জন্য বিশেষ বিবেচনায় এ বাড়িটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে বসবাস করা ওই বৃদ্ধার জন্য দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়িটি নতুন আশ্রয় ও নিরাপদ আবাসনের সুযোগ তৈরি করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের সুফল যেন প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার, নিরাপদ আবাসন ও জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) ঋত্বিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, তরুণ বিএনপি নেতা আ স ম জাহেদুল হক নাহিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় নির্মিত এ বাড়ি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগী বৃদ্ধা। জীবনের শেষ সময়ে এসে একটি নিরাপদ আশ্রয় পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্থানীয়রা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ শুধু আবাসনের নিশ্চয়তাই দেয় না, বরং তাদের মধ্যে নতুন করে বেঁচে থাকার আশাও জাগিয়ে তোলে।





মন্তব্য