প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন। এই পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির বিষয়টি পর্যালোচনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দিয়ে তাকে অভিনন্দন জানান।
পদোন্নতি প্রক্রিয়ার নির্দেশনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী পর্ষদের সদস্যদের স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, শৃঙ্খলা, সততা, আনুগত্য ও বিশ্বস্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগকালীন সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে নৌ ও বিমান বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। এর মধ্যে ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশনের উদ্বোধনী ফলক উন্মোচন এবং এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
পরবর্তীতে বিমান বাহিনীর এয়ার কমান্ড অপারেশন সেন্টারে ডিজিটাল লার্জ ডিসপ্লের মাধ্যমে যুদ্ধবিমান দিয়ে শত্রুবিমান প্রতিহত করার কৌশল এবং মানববিহীন আকাশযানের কার্যক্রম দেখেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি বিমান বাহিনীর এ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্সে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে ড্রোন, কামিকাজে ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন এবং উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম উড়োজাহাজ প্রদর্শন করা হয় এবং একটি কোয়াডকপ্টারের উড্ডয়ন প্রত্যক্ষ করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা সচিবসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: দৈনিক এদিন


মন্তব্য