আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরাণগড় ও বাজালিয়া ইউনিয়নের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ গোফরান চৌধুরীর টেক সড়কে ড্রেন উপচে টয়লেটের অপরিচ্ছন্ন পানি চলাচলের রাস্তায় ছড়িয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই পথ দিয়ে যাতায়াতকারী হাজারো পথচারী, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং মুসল্লিরা।সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, সড়কটির দুই পাশে অবস্থিত কিছু স্থাপনার টয়লেটের বর্জ্যপানি ও অপরিচ্ছন্ন নিষ্কাশনব্যবস্থার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যানবাহনের চাকার ধাক্কায় এই নোংরা পানি ছিটকে পথচারীদের গায়ে ও পোশাকে পড়ছে, যা অত্যন্ত বিব্রতকর ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী কোমলমতি শিক্ষার্থী এবং মসজিদে নামাজ আদায় করতে যাওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সংশ্লিষ্টদের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এর ফলে একদিকে যেমন পরিবেশদূষণ ঘটছে, অন্যদিকে জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।ভুক্তভোগী পথচারী সোহেল উদ্দিন বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন আমাদের চলাচল করতে হয়। রাস্তার ওপর নোংরা পানি জমে থাকায় গাড়ি চলাচলের সময় তা গায়ে এসে পড়ে, এতে কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।আরেক পথচারী মহিউদ্দিন জানান, পরিষ্কার পোশাকে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে যাতায়াতকারীদের জন্য এটি এখন নিয়মিত এক ভোগান্তিতে পরিণত হয়েছে। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চান তিনি।এ বিষয়ে পুরাণগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উদ্দিন বলেন, ‘বিষয়টি জনস্বার্থের সঙ্গে জড়িত। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আহম্মদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন; তবে খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।এ বিষয়ে সাতকানিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সরওয়ার কামাল বলেন, বিষয়টা আপনার মাধ্যমে অবগত হলাম,বর্তমানে আমি ছুটিতে আছি। কর্মস্থলে ফিরে এসে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় সচেতন মহলের মতে, সড়কে টয়লেটের নোংরা পানি উপচে পড়া রোধ করতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর মালিকদের নিজস্ব উদ্যোগে সঠিক নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সমন্বিত ও জোরালো পদক্ষেপ জরুরি বলে মনে করছেন তারা।





মন্তব্য