আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান (পাঠানি পোল) এলাকায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জেরে উত্তেজিত জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় এবং আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রাখে। এর ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়।শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ও উত্তেজনার ঘটনা ঘটে।দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশের ওসি নুরুল আবছার গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া মৌলভীর দোকান এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত এবং দুজন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।পরিস্থিতির বিবরণ দিয়ে ওসি আরও জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আগুন নেভাতে ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও তারা আটকে দেয়। বর্তমানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে এবং মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু করতে কাজ করছে।এ বিষয়ে সাতকানিয়া সার্কেল আরিফুল ইসলাম ছিদ্দিকী জানান,আকস্মিক এই দুর্ঘটনায় জনরোষের সৃষ্টি হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং আটকে থাকা যানবাহনগুলোর চলাচল স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।





মন্তব্য