নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে শাখায় অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। মঙ্গলবার (গতকাল) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন ওই ব্যাংক শাখায় এই নাশকতার চেষ্টা চালানো হয়।
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, চারতলা বিশিষ্ট একটি ভবনে গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া শাখার দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়। ঘটনার রাতে ভবনটির ভেতরে একজন নিরাপত্তাকর্মীসহ মোট ১২ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। রাত দুইটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভবনের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেয়। এ সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মীর নজরে বিষয়টি এলে তিনি দ্রুত ভেতরে থাকা অন্যদের সতর্ক করেন। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া শাখার ব্যবস্থাপক মীর লায়েক আলী জানান, আগুনে কেবল ভবনের প্রধান ফটকটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ভেতরে ছড়িয়ে পড়তে না পারায় অফিসের আসবাবপত্র, নথিপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ অক্ষত রয়েছে। তবে ব্যাংক ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ভবনের মূল ফটকের পাশ থেকে দুটি পরিত্যক্ত বোতল উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা বাইরে থেকে বোতলে করে দাহ্য পদার্থ বা জ্বালানি এনে ফটকে আগুন ধরিয়ে দিয়েছিল।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা বাইরে থেকে জ্বালানি এনে ব্যাংকের ফটকে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তবে ব্যাংক কর্মীদের দ্রুত পদক্ষেপে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্তকরণ শেষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





মন্তব্য