আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব গুনাগারী এলাকায় খাল থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে তাঁদের হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাজিম উদ্দীন ও রবি দেব। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় নাজিম উদ্দীনকে ১০ দিন এবং রবি দেবকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্ব গুনাগরী এলাকার খ্রিস্টান অফিসসংলগ্ন একটি খাল থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের খবর পেয়ে সেখানে সরেজমিনে অভিযান চালানো হয়। এ সময় খাল থেকে বালু উত্তোলনরত অবস্থায় ওই দুজনকে আটক করে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে বাঁশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।স্থানীয় বাসিন্দারা জানান, খাল ও প্রাকৃতিক জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আশপাশের কৃষিজমি, বসতভিটা ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকর ভূমিকা রাখবে।উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।





মন্তব্য