আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় এক বিধবা নারীর পৈত্রিক সম্পত্তি দখল এবং এলাকা ছাড়ার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং লিডার আলী আকবর মিনহাজের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে)উপজেলার সী ওয়ার্ল্ড রিসোর্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী রিজিয়া বেগমের অভিযোগ অনুযায়ী, সাতকানিয়া থানাধীন রামপুর মৌজার বি.এস ১১৭২ ও ১১৭৩ নং খতিয়ানের ৪৯৩০ ও ৪৯৩১ দাগের ০২ গণ্ডা আধা কড়া জায়গা তার স্বামীর পৈত্রিক ও দলিলমূলীয় সম্পত্তি। বর্তমানে ওই জায়গাটি জনৈক ইকবাল গংয়ের দখলে রয়েছে। অন্যদিকে, রিজিয়া বেগম বর্তমানে ইকবাল গংয়ের মালিকানাধীন বি.এস ১১৭৪ নং খতিয়ানের মাত্র ০১ গণ্ডা জায়গায় বসবাস করছেন, যা তাদের প্রাপ্য দলিলমূলীয় সম্পত্তির চেয়ে এক গণ্ডা কম।
রিজিয়া বেগম লিখিত বক্তব্যে বলেন, তার দেবরের ছেলে ও স্থানীয় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত আলী আকবর মিনহাজ দীর্ঘদিন ধরে তাকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে। মিনহাজ প্রতিনিয়ত তার দলবল নিয়ে বাড়ির সামনে মহড়া (শো-ডাউন) দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
গত ২৮ জুন ২০২৫ইং তারিখ রাত আনুমানিক ১০টার দিকে মিনহাজের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল রিজিয়া বেগমের বাড়িতে হামলা চালায়। বাধা দিতে গেলে তাকে ও তার সন্তানদের মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী জানান, মিনহাজ গত ০৩ মে ২০২৬ইং তারিখে সাতকানিয়া থানায় রিজিয়া বেগমের সন্তানদের নামে একটি মিথ্যা জিডি করেন। উক্ত বিষয়ে এস আই বেলাল হোসেনের তত্ত্বাবধানে থানায় বৈঠক চলাকালীন মিনহাজ প্রকাশ্যে স্কুল প্রহরী নুরুল হুদা সুজনকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন।
আহত সুজনকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মিনহাজ আবারও ১৪-১৫ জন সহযোগী নিয়ে হাসপাতালে হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে চিকিৎসা শেষে ফেরার পথে সাতকানিয়া কালী মন্দির এলাকায় সুজনের ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে তাকে মারধর করে শহীদ মিনারের সামনে ফেলে রাখা হয়।
বর্তমানে রিজিয়া বেগম এবং তার সন্তানেরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি বলেন:মিনহাজ ও তার গ্যাংয়ের ভয়ে আমরা বাড়িতে শান্তিতে থাকতে পারছি না। তারা যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এই কিশোর গ্যাং লিডারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে সাতকানিয়া থানা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।


মন্তব্য