আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম।
চট্টগ্রামে তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। গত শুক্রবার দিনভর সূর্যের দেখা না মেলায় ও মাঝেমধ্যে হালকা বৃষ্টির কারণে নগরী ও জেলার বিভিন্ন স্থানে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে।আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৬টায় চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।চট্টগ্রাম আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ সকাল ৬টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে। বাতাসের আর্দ্রতা ৮৪ শতাংশ থাকায় আবহাওয়ায় স্যাঁতসেঁতে ও শীতল ভাব তৈরি হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে প্রায় ৪ দশমিক ৬ মিলিমিটার বা শূন্য দশমিক ১৮ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আবহাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আকাশ মেঘাচ্ছন্ন থাকা এবং হালকা বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা খুব একটা বাড়ছে না। এর ফলে আবহাওয়ায় শীতের অনুভূতি আগের তুলনায় কিছুটা বেড়েছে।এদিকে, নগরীর রিয়াজুদ্দিন বাজারের একাধিক ব্যবসায়ী জানান, গতকাল শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। দিনভর সূর্যের আলো না পাওয়ায় এবং মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় শীতের আমেজ বেড়েছে।নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, সকাল ও সন্ধ্যার দিকে শীতের অনুভূতি তুলনামূলক বেশি টের পাওয়া যাচ্ছে। পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কর্মস্থলে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।





মন্তব্য