নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পৃথকভাবে দুই উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়।সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদাউস। উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেন পলাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দি।অন্যদিকে, দুপুর ১২টায় লোহাগাড়া উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ বিন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাস।দুই উপজেলার আলোচনা সভায় আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের সমস্যা ও সম্ভাবনা, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার ও সরকারি সহযোগিতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।দুই অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





মন্তব্য