যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সোমবার অনুষ্ঠিত হয়েছে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর কৌশলগত অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে এই বৈঠক আয়োজন করা হয়।
সংলাপ চলাকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি খাতে সহযোগিতার লক্ষ্যে একটি ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকসেলারেশন পার্টনারশিপ’ এবং খনিজ সম্পদ প্রক্রিয়াকরণের জন্য ‘গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণ’ (ক্রিটিক্যাল মিনারেলস প্রসেসিং) বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করা হয়েছে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সহযোগিতা জোরদার করা, লাতিন আমেরিকার দেশগুলোতে যৌথ কাজের নতুন ক্ষেত্র তৈরি, প্রতিরক্ষা অংশীদারিত্ব সুসংহত করা এবং সামুদ্রিক নিরাপত্তা ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা নিরসন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সংকট সমাধানে চলমান কূটনৈতিক তৎপরতা ও দুই দেশের মধ্যে সমন্বিত পদক্ষেপের বিষয়েও বিশদ পর্যালোচনা করা হয়েছে।
এই উচ্চপর্যায়ের সংলাপে কাতারের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি, বৈদেশিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ বিন মোহাম্মদ আল সাইয়্যেদ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ মেশাল বিন হামাদ আল থানি, প্রধানমন্ত্রীর কৌশলগত উপদেষ্টা আলি বিন আবদুল্লাহ আল থাওয়াদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি পরিকল্পনা পরিচালক ড. খালিদ বিন ফাহাদ আল খাতের এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পররাষ্ট্রবিষয়ক সহকারী পরিচালক আবদুল্লাহ বিন ঈদ আল সুলাইতি। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকান অ্যাফেয়ার্স পরিচালক সারা আবদুল্লাহ আল সাদি, যুক্তরাষ্ট্রে কাতারের উপ-রাষ্ট্রদূত ড. হামাদ বিন মোহাম্মদ আল মুফতাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক শেখ আহমেদ বিন মোহাম্মদ আল থানি এতে অংশ নেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ড্যান হলার, চিফ অব স্টাফ ম্যাট রোডস, মুখপাত্র টমাস পিগট, রাজনৈতিক-সামরিক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফ্লিট হোয়াইট, নিকট প্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লোম, উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপ বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাইল লিস্টন এবং কাতারে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টোফার হজেস প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।
সূত্র: গালফ বাংলা





মন্তব্য