জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর এলাকায় অবৈধ ড্রেজার দ্বারা চলছে কৃষি জমি থেকে মাটি কাটার মহোৎসব। প্রভাবশালী একটি চক্রের ড্রেজার মেশিনের কারণে চরম হুমকির মুখে পড়েছে স্থানীয় কৃষকদের জীবিকা ও উর্বর আবাদি জমি। প্রশাসনের পক্ষ থেকে এর আগে অভিযান পরিচালনা করা হলেও, তা উপেক্ষা করে ফের বহাল তবিয়তে চলছে এই অবৈধ কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, উপজেলার ৯ নম্বর উত্তর গুনাইঘর ও ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অন্তত পাঁচটি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট করা হচ্ছে। সোমবার (২৮ সেপ্টম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, উত্তর গুনাইঘর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধলাহাস এলাকার আলমের বাড়ির উত্তর পাশে মরিচাকান্দা খালের সংলগ্ন ধলাহাস গ্রামের কৃষি মাঠে ড্রেজার চলছে। এছাড়া একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামপুর মাদ্রাসার পশ্চিম দিক এবং ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের গুনাইঘর বাজার সংলগ্ন দক্ষিণ পাশে পদ্মকোট যাওয়ার পথে বনকুট খোকন মুন্সির বাড়ির পূর্ব দিকের কৃষি মাঠেও ড্রেজার দ্বারা মাটি কাটা হচ্ছে। ৭ নম্বর ওয়ার্ডের গুনাইঘর পাঁচকুড়ি মুন্সিবাড়ির পশ্চিমে লাউয়াডুগির পূর্ব পাশের কৃষি মাঠেও চলছে একই বেপরোয়া তৎপরতা। ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, উজানী জোড়া গ্রামের মনির মেম্বারের বাড়ির পাশে কৃষি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। কিছুদিন আগে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে মেশিন ভাঙচুর ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে আসে। কিন্তু একদিন না যেতেই প্রশাসনের বাধা উপেক্ষা করে ক্ষমতার জোরে ফের ড্রেজার চালু করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই একটি প্রভাবশালী মহল এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, মো. ফুল মিয়া, মো. জাকির হোসেন, মো. বাবুল মিয়া ও মো. কামরুল ইসলাম মুন্সির নেতৃত্বে এই মাটি কাটা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ড্রেজার দিয়ে অতিরিক্ত গভীর করে মাটি তোলায় আশপাশের উর্বর কৃষি জমিগুলোও ভেঙে খাদের সৃষ্টি হচ্ছে এবং আবাদ অনুপযোগী হয়ে পড়ছে।ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, এসব অবৈধ কাজের প্রতিবাদ করতে গেলে তাদের নানা ধরনের হুমকি দেওয়া হয়। এ পরিস্থিতি চলতে থাকলে এলাকায় অচিরেই জলাবদ্ধতা ও তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এমতাবস্থায় দ্রুত প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, কৃষি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





মন্তব্য