সাব্বির হোসেন ( নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা) >>>
আসন্ন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ জুন) বিকেল ৩টায় নগরীর সিটি পার্ক এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।র্যালিতে আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও জার্সি পরে শতাধিক সমর্থক অংশগ্রহণ করেন। এসময় কয়েকজন ক্ষুদে সমর্থকের উপস্থিতি র্যালিতে ভিন্নমাত্রা যোগ করে।তারা প্রিয় দল ও খেলোয়াড়দের প্রতি ভালোবাসা প্রকাশ করে আর্জেন্টিনার জয় কামনা করেন।র্যালির আয়োজনে কোনো প্রতিষ্ঠান সরাসরি সম্পৃক্ত না থাকলেও আর্জেন্টিনা সমর্থক বিদ্যুতের উদ্যোগে বিভিন্ন এলাকার সমর্থকদের একত্রিত করে এ আয়োজন করা হয়।এসময় বিদ্যুৎ বলেন, খেলায় হার-জিত থাকবেই। তবে আমরা এমন কোনো কর্মকাণ্ডে জড়াবো না, যার কারণে জনদুর্ভোগ বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে চাই।
তিনি আরও বলেন, গত আসরে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এবারও আমরা আশাবাদী দলটি ভালো খেলবে এবং শিরোপা ধরে রাখবে। আমাদের দলে বিশ্বসেরা তারকা লিওনেল মেসি ও এঞ্জেল ডি মারিয়া -এর মতো খেলোয়াড় রয়েছেন, যা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।
র্যালিতে অংশ নেওয়া ক্ষুদে সমর্থকরা জানান, তারা ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলকে সমর্থন করেন এবং এবারও দলের সাফল্য দেখতে চান। তাদের প্রত্যাশা, আর্জেন্টিনা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে আবারও শিরোপা জিতবে।পুরো র্যালিজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সমর্থকরা স্লোগান, পতাকা প্রদর্শন এবং প্রিয় দলের জার্সি পরে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।


মন্তব্য