- আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম:
মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এই কর্মসূচি পালন করা হয়।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সুধী সমাবেশ ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সভাপতির বক্তব্যে ইউএনও বলেন,একটি উন্নত ও সমৃদ্ধশালী জাতি গঠনের প্রধান হাতিয়ার হলো শিক্ষা। সমাজ থেকে চিরতরে নিরক্ষরতা দূর করতে এবং দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় শিক্ষার আলো পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সচেতন মহলকেও এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে অন্যান্য বক্তারা উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এর পরিধি ব্যাপকভাবে সম্প্রসারণের ওপর জোর দেন। দারিদ্র্য বা অন্যান্য আর্থসামাজিক কারণে যেসব শিক্ষার্থী মাঝপথে পড়ালেখা ছেড়ে দিয়েছে, তাদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার বিষয়ে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা অভিমت ব্যক্ত করেন যে, শুধু প্রাতিষ্ঠানিক অক্ষরজ্ঞান নয়, বরং জীবনঘনিষ্ঠ শিক্ষার মাধ্যমেই প্রকৃত মানবসম্পদ গড়ে তুলতে হবে।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেন পলাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সপেক্টর আশিক বিন আজাদ, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আনিসুল ইসলাম, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।


মন্তব্য