খাগড়াছড়ি পানছড়ি প্রতিনিধি: মোঃ নূর হোসাইন বাবু
পানছড়িতে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তানিয়া (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত তানিয়া পানছড়ি উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক, ডেইজি আক্তার (৩৫) ও আঁখি আক্তার (১৭)।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে তানিয়াদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিজিবি হাসপাতালে নিয়ে যান। পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজওয়ান হোসেন তানিয়াকে মৃত ঘোষণা করেন।তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনি তানিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।আহত বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে বিজিবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুইমারা শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ





মন্তব্য