আব্দুল্লাহ আল মারুফ >>> সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিভিন্ন সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত জনপদ স্বাভাবিক জীবনে ফেরাতে এবং জনগণের দুর্ভোগ লাঘবই এখন সরকারের ও জনপ্রতিনিধিদের সর্বোচ্চ অগ্রাধিকার।বুধবার (২২ জুলাই) বিকেলে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।এমপি শাহজাহান চৌধুরী বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল সময়মতো বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক ও সংযোগ সেতু পুনর্নির্মাণ করা হবে।পরিদর্শনকালে তিনি ধসে যাওয়া সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের বিবরণ শোনেন। এ সময় তিনি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি কড়া নির্দেশনা দেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


মন্তব্য