আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জনগণের ভোগান্তি লাঘবে চলমান সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। কাজের গুণগত মান নিয়ে কোনো আপস করা হবে না এবং প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।মঙ্গলবার (৫ মে) দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় ঠিকাদারদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় এমপি শাহজাহান চৌধুরী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের অর্থব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এলাকার অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। অনেক গুরুত্বপূর্ণ রাস্তার কাজ শুরু হলেও দীর্ঘ সময় ধরে ঝুলে থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এই জনদুর্ভোগ আর চলতে দেওয়া যাবে না।তিনি আরও বলেন, উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে দ্রুততম সময়ের মধ্যে রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। ঠিকাদারদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, প্রতিটি কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে।সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন,সাতকানিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম,সাবেক আমীর এম ওয়াজেদ আলী,সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের ঠিকাদারগণ।মতবিনিময় সভায় ঠিকাদাররা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এমপি শাহজাহান চৌধুরী সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা চলমান উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করতে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।


মন্তব্য