আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি >>> পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দাওয়াতে ইসলামী বাংলাদেশ-এর উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস (আনন্দ র্যালি) অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসলমান, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক নবীপ্রেমিক মানুষ অংশ নেন।বুধবার (২৬ আগস্ট) দুপুরে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ধর্মীয় স্লোগান ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।র্যালিটি রুহিয়া উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে রুহিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এ সময় সড়কের দুই পাশে স্থানীয় উৎসুক জনতার উপস্থিতিও লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকার মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, নবীপ্রেমিক মুসল্লি, সুফি জনতা ও ধর্মপ্রাণ মুসলমানরা ব্যানার, পতাকা ও বিভিন্ন ফেস্টুন নিয়ে জুলুসে অংশ নেন।জুলুস চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষা স্মরণ করে নবীপ্রেম ও ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।র্যালিটি রুহিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এ ধরনের ধর্মীয় আয়োজন নতুন প্রজন্মের মাঝে মহানবী (সা.)-এর আদর্শ ও ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মন্তব্য