আনোয়ারুল আজিমঃ নোয়াখালী প্রতিনিধি >>> বাংলা QR ভিত্তিক ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে চাটখিল বাজার শাখা পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী “ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ও বাংলা QR ট্রানজাকশন ক্যাম্পেইন” শুরু নোয়াখালীর চাটখিল এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থের ব্যবহার হ্রাস, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট অবকাঠামো বাস্তবায়নে Bangla QR লেনদেন সম্প্রসারণকে অধিকতর বেগবান করতে এবং ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং সেবা জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি, চাটখিল শাখা তিন দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ; এক দেশ এক QR লেনদেনে Bangla QR”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের দেশব্যাপী ক্যাশলেস উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (১৩ জুলাই) চাটখিল বাজারে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান।ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম এবং চাটখিল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আলী হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চাটখিল শাখার ব্যবস্থাপক নাঈমুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটখিল বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের গ্রাহকবৃন্দ।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস বা নগদবিহীন bangla QR ভিত্তিক লেনদেন ব্যবস্থার কোনো বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ডিজিটাল ও নিরাপদ করতে দেশব্যাপী ক্যাশলেস উদ্যোগ বাস্তবায়ন ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশগুলোতে চায়ের দোকানে বা রিকশা ভাড়ার মতো ছোট ছোট লেনদেনে যেমন QR কোডের ব্যবহার বিস্তৃত আছে, সেই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। নগদ অর্থের অতিরিক্ত ব্যবহারের কারণে কাগজের নোট ছাপানো ও পরিবহনে বাংলাদেশের বিপুল অঙ্কের টাকা ব্যয় হচ্ছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত করছে।” চাটখিল উপজেলায় বাংলা কিউআর-এর প্রসারে তথা নগদবিহীন ডিজিটাল লেনদেন সম্প্রসারণে তিনি সর্বাত্মক প্রশাসনিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আলী হোসেন বলেন, “সাধারণ ব্যবসায়ী ও প্রান্তিক মানুষ যখন ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হবেন, তখন জালিয়াতি এবং চুরি-ছিনতাইয়ের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। পূবালী ব্যাংকের তৃণমূল পর্যায়ের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি সরকারের নগদবিহীন অর্থনীতি বাস্তবায়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।”বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে প্রযুক্তি-নির্ভর ব্যাংকিং সেবার বিস্তারে আমাদের ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্যাশলেস ব্যাংকিং কেবল সময়ের দাবিই নয়, এটি ব্যবসার খরচ ও ঝুঁকি কমায়। পকেটে নগদ টাকা না রেখেও শুধু একটি অ্যাপ বা কার্ডের মাধ্যমে এখন যেকোনো লেনদেন নিমেষেই করা সম্ভব। চাটখিলের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের এই আধুনিক ব্যবস্থার সাথে যুক্ত করতেই আমাদের এই বিশেষ ক্যাম্পেইন। আমরা চাই প্রতিটি গ্রাহক ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা গ্রহণ করে স্বাচ্ছন্দ্যে লেনদেন করুক।”ডিজিটাল ক্যাশলেস ব্যাংকিংয়ে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের উদ্বুদ্ধ করতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে চাটখিল বাজারের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।এছাড়া ক্যাম্পেইন উপলক্ষে চাটখিল শাখার পক্ষ থেকে চাটখিল বাজারে একটি বিশেষ অস্থায়ী ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে। এই বুথ থেকে তিন দিনব্যাপী স্থানীয় ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য সরাসরি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহ (যেমন: অ্যাকাউন্ট খোলা, Bangla QR বিতরণ, \pi (পাই) অ্যাপস রেজিস্ট্রেশন, তাৎক্ষণিক Takapay কার্ড বিতরণ, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, POS ইত্যাদি) প্রদান করা হচ্ছে।মতবিনিময় সভার সভাপতি পূবালী ব্যাংক চাটখিল শাখার ব্যবস্থাপক নাঈমুর রহমান তাঁর বক্তব্যে সকলকে স্বাগত জানিয়ে নগদ (ক্যাশ) লেনদেনের নানা ঝুঁকি ও অসুবিধার কথা তুলে ধরেন। একই সাথে আধুনিক গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং একটি স্মার্ট ও ক্যাশলেস সোসাইটি গঠনে পূবালী ব্যাংকের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় ব্যাংকের আঞ্চলিক এডিসি কর্মকর্তা জনাব মনির হোসেন ব্যাংকের ডিজিটাল প্রোডাক্ট, ডেবিট-ক্রেডিট কার্ড, অ্যাপস ব্যাংকিং ও বিভিন্ন রিটেইল প্রোডাক্টের সুবিধা গ্রাহকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, চাটখিল শাখার এই ধরনের তৃণমূল পর্যায়ের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রসার আরও দ্রুত বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতাকে আরও বেগবান করবে।


মন্তব্য