বাংলাদেশের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক আকাশপথের যোগাযোগ আরও সুদৃঢ় করতে ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে নতুন নিয়মিত কার্গো ফ্লাইট চালু করেছে সৌদি আরবের সৌদিয়া কার্গো। আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে গত ১৪ আগস্ট থেকে এই ফ্রেইটার সেবা কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি করে পণ্যবাহী ফ্লাইট পরিচালনার মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারক, ব্যবসায়ী এবং ফ্রেইট ফরোয়ার্ডারদের জন্য ইউরোপের বাজারে পণ্য পৌঁছানোর নতুন ও নির্ভরযোগ্য পথ তৈরি হলো।
ফ্রাঙ্কফুর্ট ইউরোপের অন্যতম প্রধান লজিস্টিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। জার্মানির এই শহরের বিমানবন্দরটি মহাদেশটির অন্যতম বড় কার্গো হাব হওয়ায়, ঢাকা থেকে সরাসরি এই সংযোগ বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইল, ওষুধ, শিল্প যন্ত্রপাতি এবং ই-কমার্স পণ্যসহ অন্যান্য উচ্চ চাহিদাসম্পন্ন পণ্য দ্রুত সরবরাহে সহায়তা করবে। বিশেষ করে সময় সংবেদনশীল ও মূল্যবান পণ্য পরিবহনের ক্ষেত্রে এই রুটটি বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
সৌদিয়া কার্গোর ভাষ্যমতে, এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর ও গতিশীল করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই রুটটি চালু করা হয়েছে। বাংলাদেশের ক্রমবর্ধমান উৎপাদন ও রপ্তানি খাতের চাহিদাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে। বর্তমানে সৌদিয়া কার্গো বিশ্বের ৯০টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে বছরে ৫ লাখ ৭০ হাজার টনেরও বেশি পণ্য পরিবহন করছে।
নিজেদের বৈশ্বিক নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে সৌদিয়া কার্গো বর্তমানে বহর আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চারটি বোয়িং ৭৭৭-২০০ ফ্রেইটার উড়োজাহাজ সংগ্রহের জন্য চুক্তি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। নতুন প্রজন্মের এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হলে আন্তর্জাতিক পণ্য পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটের এই নতুন সেবা বাংলাদেশ ও ইউরোপের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সূত্র: এভিয়েশন নিউজ বিডি


মন্তব্য