আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি >>> জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। জানালা দিয়ে শিশুদের পানি চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।নিহত ইশরাত জাহানের স্বামী কাউসার আহমেদ শাওন (৩৫)। তাদের দুই সন্তান—১০ বছর বয়সী মেয়ে স্নেহা ও ৫ বছর বয়সী ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,সকাল থেকে ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে। বিষয়টি আশপাশের বাসিন্দাদের সন্দেহ হলে তারা ভবনের মালিকপক্ষকে জানান। পরে দেখা যায়, ফ্ল্যাটটির মূল দরজার বাহিরে থেকে তালা লাগানো রয়েছে।একপর্যায়ে স্থানীয়রা তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে দুই শিশুকে উদ্ধার করেন। এ সময় ফ্ল্যাটের একটি কক্ষে এক নারীর নিথর মরদেহ দেখতে পান তারা। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, “জানালা দিয়ে বাচ্চা দুটো পানি চাচ্ছিলো। পরে স্থানীয়রা গিয়ে তালা ভেঙে তাদের বের করে আনে। ভেতরে ঢুকে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।এদিকে ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী কাউসার আহমেদ শাওনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ইশরাত জাহানের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনে কী রহস্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


মন্তব্য