মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাসকৃত পণ্য দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আরও ১০২ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, জুন মাসের এই নিলাম কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে এবং এতে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) নির্ধারণ করা হয়নি।২ জুন(মঙ্গলবার) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ই-অকশন-৬/২০২৬’-এর আওতায় ৪৪টি লটে মোট ১০২ কন্টেইনার পণ্য বিক্রি করা হবে। নিলামযোগ্য পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইমস্টোন, কাপড় (ফেব্রিক্স), ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার এবং গৃহস্থালি সামগ্রীসহ নানা পণ্য।এনবিআর বলেছে, চট্টগ্রাম বন্দরের কর্মউপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কন্টেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে কাস্টমস হাউস নিয়মিতভাবে অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য নিষ্পত্তির উদ্যোগ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় জুন মাসের এ নিলাম আয়োজন করা হয়েছে।নিলামে অংশগ্রহণকারী দরদাতাদের অনলাইনে আবেদন করার পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত মেনে পণ্য খালাস নিতে হবে।কাস্টমস সূত্র জানায়, আগামী ১৮ জুন বেলা ১১টায় ই-অকশন-৬/২০২৬-এর দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য ই-অকশন পোর্টালে পাওয়া যাবে।উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও চট্টগ্রাম কাস্টমস হাউস বন্দরের জট কমাতে ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তোলার উদ্যোগ নিয়েছিল। ধারাবাহিক এ নিলাম কার্যক্রমের মাধ্যমে বন্দরের দীর্ঘদিনের কন্টেইনার জট কমিয়ে কার্যক্রম আরও গতিশীল করার আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


মন্তব্য