মোঃ সোহেল রানা, বান্দরবান জেলা প্রতিনিধি >>> চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিতে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।রবিবার (৮ মার্চ) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় দ্রুতগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চেয়ারম্যানকে বহনকারী একটি প্রাইভেটকারের সংঘর্ষ ঘটে। হঠাৎ সংঘটিত এ দুর্ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।দুর্ঘটনার বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই জানান, দ্রুতগতিতে আসা একটি বাস সামনে থাকা গাড়ির সঙ্গে ধাক্কা দিলে তাদের গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও তিনি ও গাড়িতে থাকা অন্যরা গুরুতর আহত হননি।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।এ ঘটনায় সাময়িকভাবে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়লেও কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।


মন্তব্য