আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পদ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন মৌসুমী হামিদ নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি। বুধবার (৬ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত আব্দুল মোমেনের বিরুদ্ধে এসব অভিযোগ এনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বাসিন্দা মৌসুমী হামিদ জানান, ঢেমসা ইউনিয়নের আব্দুল মোমেনের সঙ্গে তার গত নয় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। মৌসুমীর দাবি, এই দীর্ঘ সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মোমেন তাকে নানাভাবে ব্যবহার করেছেন।
মৌসুমী অভিযোগ করেন, সম্পর্কের সুযোগ নিয়ে মোমেন তার ব্যাংক হিসাব থেকে বিভিন্ন সময়ে ৫ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। শুধু তাই নয়, মৌসুমীর উপার্জিত অর্থে কেনা দুটি সিএনজিচালিত অটোরিকশাও কৌশলে নিজের নামে লিখিয়ে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তি।
সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ কণ্ঠে মৌসুমী বলেন: আমার জন্য কি দেশে কোনো আইন নেই? বিয়ের কথা বললে সে এখন সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। পাওনা টাকা ও সম্পদ ফেরত চাইলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
একজন অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ হিসেবে ন্যায়বিচার পাওয়ার আশায় তিনি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও চলছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল মোমেনের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


মন্তব্য