মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। ২২ আগস্ট(শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় টিকিট কাটা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে গিয়ে দুর্ভোগে পড়তে হয় তাদের।ভুক্তভোগী বাবুল বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ না থাকায় টিকিট কাটতে পারেননি। চিকিৎসকের পরামর্শ দেওয়া কয়েকটি পরীক্ষা করাতে না পেরে তাকে ফিরে যেতে হয়েছে।আরেক রোগী কলি আক্তার বলেন, এমআরআই পরীক্ষা চলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে মেশিনটি বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর আবার পরীক্ষা করা সম্ভব হয়।চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও হাসপাতালের নিজস্ব জেনারেটরের মাধ্যমে জরুরি চিকিৎসাসেবা চালু রাখা হয়। অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ড, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ সচল রাখা হয়েছিল। ফলে বড় ধরনের কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি আগেই জানানো হয়েছিল। চমেক হাসপাতালের আশপাশের কয়েকটি এলাকাতেও প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।তবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় রোগীদের ভোগান্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিশেষ করে বিদ্যুৎনির্ভর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ব্যাহত হওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়।


মন্তব্য