বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। বুধবার (১৯ আগস্ট) দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আশ্বাস প্রদান করেন। বৈঠকে শেখ মোহাম্মদ বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠককালে ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের নেতৃত্বের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এ সময় তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, কাতারের এই ভূমিকা কেবল ওই অঞ্চলের জন্যই নয়, বরং বৃহত্তর পরিসরেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে উষ্ণ অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। তিনি দায়িত্ব পালনকালে কাতারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর জবাবে ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গেও বৈঠক করেন, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সূত্র: গালফ বাংলা


মন্তব্য