বিশ্বের প্রথম এয়ারলাইন হিসেবে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে কাতার এয়ারওয়েজ। একই সঙ্গে এয়ারলাইন্সটি তাদের পুরো বোয়িং ৭৮৭-৮ বহরে এই প্রযুক্তি স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এই অগ্রগতির ফলে বর্তমানে কাতার এয়ারওয়েজের স্টারলিংক সুবিধাযুক্ত ওয়াইডবডি উড়োজাহাজের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫০টিতে। এয়ারলাইন্সটির লক্ষ্য হলো ২০২৬ সালের শেষ নাগাদ তাদের পুরো বোয়িং ৭৮৭ বহরকে এই ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা।
প্রযুক্তি স্থাপনের ক্ষেত্রে কাতার এয়ারওয়েজ বেশ দ্রুতগতিতে কাজ করছে। এর আগে বোয়িং ৭৭৭ বহরে মাত্র নয় মাস এবং এয়ারবাস এ৩৫০ বহরে আট মাসের মধ্যে স্টারলিংক স্থাপনের কাজ শেষ করেছিল তারা। সর্বশেষ বোয়িং ৭৮৭-৮ বহরে এই কার্যক্রম সম্পন্ন করতে সময় লেগেছে সাত মাস। বর্তমানে স্টারলিংক স্থাপন কার্যক্রমে এয়ারলাইন্সটির সামগ্রিক অগ্রগতি ৮৩ শতাংশের বেশি। বোয়িং ৭৭৭, এয়ারবাস এ৩৫০ এবং বোয়িং ৭৮৭—এই তিন ধরনের ওয়াইডবডি উড়োজাহাজে স্টারলিংক সুবিধা যুক্ত করার মাধ্যমে কাতার এয়ারওয়েজ বিশ্বের অন্যতম বৃহৎ ইনফ্লাইট স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তুলেছে।
২০২৪ সালের অক্টোবরে প্রথমবার স্টারলিংক সেবা চালু করার পর থেকে যাত্রীদের মধ্যে এর ব্যাপক জনপ্রিয়তা দেখা গেছে। এয়ারলাইন্সটির তথ্য অনুযায়ী, সেবা চালুর পর এখন পর্যন্ত ৮৬ হাজারের বেশি ফ্লাইটে ২ কোটি ৩০ লাখের বেশি যাত্রী স্টারলিংক ওয়াই-ফাই ব্যবহার করেছেন। বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ ৩২৩টি স্টারলিংক-সুবিধাযুক্ত ফ্লাইট পরিচালনা করছে কাতার এয়ারওয়েজ। যোগ্য ফ্লাইটগুলোতে যাত্রীরা বিনামূল্যে উচ্চগতির এই ওয়াই-ফাই সুবিধা পাচ্ছেন, যা গেট থেকে উড্ডয়ন এবং গন্তব্যে পৌঁছানো পর্যন্ত নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে।
আকাশপথে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনতে এই প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ ৫০০ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এর ফলে উড়োজাহাজে বসেই ওয়েব ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং, অফিসের জরুরি কাজ এবং ভিডিও কল করা সম্ভব হচ্ছে। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে বিশ্বের ১৬০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা কাতার এয়ারওয়েজের এই উদ্যোগ বিমান পরিবহন খাতে প্রযুক্তিনির্ভর যাত্রীসেবার নতুন মানদণ্ড তৈরি করেছে। পুরো বোয়িং ৭৮৭ বহরে এই সেবা চালু হলে আকাশপথে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত হবে।
সূত্র: এভিয়েশন নিউজ বিডি


মন্তব্য