আনেয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে সৌদি প্রবাসী ইউসুফ আলীর বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। চোরেরা ঘরের কিচেনের এ্যাজাস্ট ফ্যানের ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করে দুটি স্টিলের আলমারির তালা ভেঙে প্রায় চার ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা ও জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিকের স্ত্রী আয়েশা আক্তার।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশীর মাধ্যমে বিষয়টি জানতে পারেন আয়েশা আক্তার। পরে তিনি মাইজদী থেকে বাড়িতে এসে ঘরে প্রবেশ করে চুরির বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় তিনি চাটখিল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, অসুস্থ ছেলে ইহাবকে (১০) চিকিৎসকের কাছে দেখানোর জন্য গত ২১ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে আয়েশা আক্তার বাড়িতে তালা লাগিয়ে মাইজদী যান। যাওয়ার আগে প্রতিবেশী শিলা আক্তারকে বাড়িঘর দেখাশোনার দায়িত্ব দেন। এরপর শনিবার সকাল ৭টার দিকে শিলা আক্তার ঘরের তালা খুলে ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান এবং মোবাইল ফোনে আয়েশাকে বিষয়টি জানান।পরে আয়েশা বাড়িতে এসে স্বজন ও স্থানীয়দের নিয়ে ঘর তল্লাশি করে দেখতে পান, দুটি স্টিলের আলমারির তালা ভাঙা। আলমারিতে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, দুইটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল ও তিনটি আংটি—মোট প্রায় চার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। অভিযোগে স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।আয়েশার অভিযোগ, তিনি বাড়িতে না থাকার সুযোগে গত ২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৭টার মধ্যে যেকোনো সময় চোরেরা কিচেন রুমের এ্যাজাস্ট ফ্যানের ফাঁকা জায়গা দিয়ে ঘরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়।অভিযোগে আরও উল্লেখ করা হয়,পূর্ববিরোধের জেরে কুসুম ও সুমন নামে দুই ব্যক্তি তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়েছেন। এ কারণে ওই ঘটনায় তাদের জড়িত থাকার সন্দেহ করছেন আয়েশা।অভিযোগ পাওয়ার পর চাটখিল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সেকান্দার মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এসআই সেকান্দার মোল্লা বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে চুরির ঘটনায় জড়িতদের শনাক্তসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


মন্তব্য