নিজস্ব প্রতিবেদক।। সন্তানের জীবন রক্ষা, চোখের দৃষ্টি ফেরানো কিংবা পড়ালেখা সচল রাখার মতো নানা সংকট নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে হাজির হয়েছিলেন সমাজের অসহায় মানুষ। কেউ এসেছিলেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সন্তানের চিকিৎসার আকুতি নিয়ে, কেউ বা নিজের জীবন বাঁচাতে। সাধারণ মানুষের এমন দুর্দিনের কথা মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে ১৬ জন সেবাপ্রত্যাশী সরাসরি এবং একজন প্রবাসী অনলাইনে যুক্ত হন। দিনভর চলা এই শুনানিতে শারীরিকভাবে অসুস্থ, অসহায় আটজন ব্যক্তি এবং একজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সন্তান বাঁচাতে মায়ের লড়াই: পাঁচলাইশের নার্গিস আক্তারের তিন বছর পাঁচ মাসের শিশুসন্তান আরাবী হোসেন আলিফ দুরারোগ্য ব্যাধিতে শয্যাশায়ী। স্বামী খোঁজ না নেওয়ায় চরম অভাবের মধ্যে ভিক্ষাবৃত্তি করে কোনোমতে দিন কাটছিল তাঁর। সন্তানের চিকিৎসায় দিশাহারা এই মায়ের আবেদনে সাড়া দিয়ে আর্থিক সহায়তা দেন ডিসি। একই সমস্যা নিয়ে আসা চাঁদগাঁও এলাকার তাহমিনা বেগমের শিশুসন্তান মস্তিষ্কের সংক্রমণে আক্রান্ত; তাঁকেও সহায়তা দেওয়া হয়।
চোখের আলো হারানোর শঙ্কা: পটিয়ার নুরুল কবির ছোটবেলা থেকেই চোখের সমস্যায় ভুগছেন। বর্তমানে এক চোখে কিছুই দেখতে পান না। কম্পিউটারে কাজ না করার চিকিৎসকের পরামর্শ থাকলেও সংসার ও সন্তানদের পড়ালেখার খরচ মেটাতে গিয়ে নিজের চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁর। তাঁর দুর্দশা শুনে জেলা প্রশাসক তাৎক্ষণিক সহায়তার হাত বাড়িয়ে দেন।
অন্যান্য সহায়তা: সড়ক দুর্ঘটনায় পা হারানো ফজল করিম, পক্ষাঘাতগ্রস্ত মুনমুন, জটিল রোগে আক্রান্ত শাহানা বেগম এবং হেপাটাইটিস সি ও ডায়াবেটিসে আক্রান্ত শিক্ষক শেখ মুনতাসির তারেক বিন হাফিজকে চিকিৎসার জন্য সহায়তা দেওয়া হয়। এ ছাড়া বাবার অসুস্থতায় পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হওয়া রাঙ্গুনিয়ার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী চন্দ্রিমা সিংহকে শিক্ষাসহায়তা প্রদান করা হয়।
চিকিৎসা ও শিক্ষাসহায়তার পাশাপাশি গণশুনানিতে জমি সংক্রান্ত বিরোধ ও সম্পত্তি জবরদখলের কয়েকটি অভিযোগও ওঠে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক নির্দেশ দেন জেলা প্রশাসক।
দাপ্তরিক কাজের গণ্ডির বাইরে এসে অসহায় মানুষের কথা শোনা এবং তাঁদের সংকট নিরসনে এগিয়ে আসায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।





মন্তব্য