আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম।
চট্টগ্রাম নদী ও সমুদ্রের সুস্বাদু মাছ আন্তর্জাতিক বাজারে সঠিকভাবে তুলে ধরতে পারলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এজন্য উৎপাদন বৃদ্ধি, মাছের গুণগত মান নিশ্চিতকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যজীবীদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।গতকাল চট্টগ্রামে মৎস্যজীবীদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক বলেন, পরিবর্তনশীল বিশ্ববাজার ও খাদ্যাভ্যাসের বিষয়টি মাথায় রেখে উৎপাদন পরিকল্পনা করা প্রয়োজন। প্রযুক্তির ছোঁয়ায় আগামী ৫ থেকে ১০ বছরে মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, আধুনিকতার সঙ্গে তাল মেলাতে না পারলে প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়তে পারে। তাই সমুদ্র ও নদীতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা জেলেদের অভিজ্ঞতাকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ করার ওপর জোর দেন তিনি। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের অর্জিত জ্ঞান অন্য চাষীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে জেলা প্রশাসক মৎস্যজীবী পরিবারের শিক্ষায় উৎসাহ যোগাতে মেধাবী শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি চালুর ভাবনার কথা ব্যক্ত করেন। প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার বিষয়ে গুরুত্ব দেন তিনি।বক্তব্যের শেষাংশে মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান জেলা প্রশাসক। সন্তানদের চলাফেরায় নজর রাখার পরামর্শ দিয়ে তিনি উল্লেখ করেন, নিরাপদ সমাজ না থাকলে অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন হয়ে পড়ে। জেলা প্রশাসন থেকে মৎস্য খাতের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।





মন্তব্য