মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালীর কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মৃত্যু এবং পরিবারকে হত্যাচেষ্টার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত মোঃ সোহাগ সিকদারকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া থানার চাকামইয়া গ্রামের মোঃ ফোরকান সিকদারের ছেলে। এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং সদর কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে ভিকটিম মোছাঃ তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করে গুরুতর আহত করে। হামলার সময় হামলাকারীরা তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ভিকটিমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখে। মারধরের একপর্যায়ে গুরুতর আহত সাত মাসের অন্তঃসত্ত্বা তানিয়া বেগম কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্তান প্রসব (গর্ভপাত) করেন। পরে নবজাতকটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহাগ সিকদার পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।





মন্তব্য