এনামুল হক, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাবনার ফরিদপুর উপজেলায় ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ডেমরা-রতনপুর সেতু সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং গাছের পরিচর্যায় সচেতন হতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা ও ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল রানা।ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হাফিজ বলেন, ফরিদপুর উপজেলায় ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাতের ঝুঁকি কমাতে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





মন্তব্য