আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।।চট্টগ্রামে এই প্রথম জেলা প্রশাসকের হাতে শুভ মহালয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠিত হলো। গত শনিবার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত ‘শুভ মহালয়া ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতারা এই ঐতিহাসিক মুহূর্তকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য প্রতীক হিসেবে দেখছেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্যের প্রশংসা করে বলেন, “দীর্ঘ ২১ বছরের মাঠ প্রশাসনের ক্যারিয়ারে এত বড় ক্যানভাসে মহালয়া প্রত্যক্ষ করার অভিজ্ঞতা এটাই প্রথম। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রীতিপূর্ণ সহাবস্থানই চট্টগ্রামের ঐতিহ্য, যা আমাদের জাতীয় গর্ব।”
উৎসব কেবল জাঁকজমকপূর্ণ করাই শেষ কথা নয় উল্লেখ করে জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা এবং মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবকদের দৃশ্যমান ভূমিকা নিশ্চিত করতে হবে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইতিমধ্যে সমন্বয় সভা করা হয়েছে এবং সরকারি বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নটু চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সার্বিক আন্তরিকতা ও আইনশৃঙ্খলা রক্ষা সহ সকল ধরনের সহযোগিতার আশ্বাসে আয়োজক কমিটির নেতৃবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেন।





মন্তব্য