আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে তিনটি নারিকেল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বদলকোট এলাকার পূর্ব স্বর্ণকার বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম (৫৫) চাটখিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে একই এলাকার শওকত আলী (৬৮), তাঁর দুই ছেলে মো. মাসুদ (৪২) ও মো. রুবেল (৩০), মিজানুর রহমান (৪৮), মনির হোসেন (৩৮), রহিমা বেগম (৬০) এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে জাহাঙ্গীর আলমের ক্রয়কৃত ও ওয়ারিশসূত্রে পাওয়া জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে অভিযুক্তরা তাঁর সম্পত্তির কিছু অংশ জোরপূর্বক দখল ও ক্ষতিসাধন করেছেন বলে অভিযোগ করেন তিনি।জাহাঙ্গীর আলমের দাবি, বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হয়। জমির দলিল, খতিয়ানসহ প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা এবং আমিনের মাধ্যমে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণের চেষ্টা করেও সমাধান হয়নি। পরে তিনি এ বিষয়ে নোয়াখালীর আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।অভিযোগে আরও বলা হয়, গত ৯ অক্টোবর দুপুরে অভিযুক্তরা তাঁর মালিকানাধীন সম্পত্তিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছের পাশাপাশি তিনটি নারিকেল গাছ কেটে ফেলেন। এতে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি হয়। এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং দেশীয় অস্ত্র নিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।





মন্তব্য