এনামুল হক রাশেদী নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতার ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতকানিয়া আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন বলেন, “এওচিয়া ইউনিয়নের দায়িত্বশীল মাওলানা মুহাম্মদ জাকারিয়া ও মুহাম্মদ জাকারিয়ার ওপর মুখোশধারীদের সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক। গণতান্ত্রিক সমাজে প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলের স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার অধিকার রয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসের বলেন, “মুখোশের আড়ালে হামলা চালিয়ে পার পাওয়ার দিন শেষ। প্রশাসনের উচিত নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা। অন্যথায় এই এলাকার রাজনৈতিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তার দায় প্রশাসনকে নিতে হবে।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা অবিলম্বে আহত নেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয়ভীতি বা হামলা-মামলা দিয়ে কোনো রাজপথের আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ করা যাবে না।
উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর হামিদ উদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, কামরুল ইসলাম এবং এওচিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আবু বক্করসহ স্থানীয় নেতৃবৃন্দ।





মন্তব্য