নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে কিশোর গ্যাংয়ের বখাটেদের হামলায় আহত সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী ও সমাজকর্মী তৌহিদুল ইসলাম মিজবাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে কেঁওচিয়া ইউনিয়নের মধ্যম নয়াপাড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের নারী-পুরুষসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাইপ-ফিল্টারের ঠিকাদার এবং মধ্যম নয়াপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য তৌহিদুল ইসলাম মিজবাহ একজন সামাজিকভাবে পরিচিত ও সম্মানিত ব্যক্তি। তার ওপর প্রকাশ্যে এমন হামলা অত্যন্ত উদ্বেগজনক ও ন্যক্কারজনক। এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হামলাকারী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।বক্তারা আরও বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে অপরাধীদের দৌরাত্ম্য আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।এ সময় দ্রুততম সময়ের মধ্যে মামলার আসামিদের গ্রেপ্তার ও কেঁওচিয়া ৯ নম্বর ওয়ার্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জোর দাবি জানানো হয়।





মন্তব্য