আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম >>> ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি ও ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়।শুক্রবার (২১ আগস্ট ২০২৬) রাতে র্যাব-৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটককৃতরা হলেন-কক্সবাজার জেলার রামু থানার শিয়া পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে আজিজুর রহমান (২৫) এবং একই থানার পানের ছড়া এলাকার মৃত মো. রফিকের ছেলে মো. দূর (২১)।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় মাদক কারবারি ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজার এলাকার এস রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ২১ আগস্ট রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে র্যাব-৭-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুইজনকে আটক করা হয়।পরে তাদের সঙ্গে থাকা একটি বাদামী রঙের ট্রলি ব্যাগ ও একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য