এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রামে তীব্র গ্যাস সংকটের প্রভাবে দেশের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) তাদের ৯টি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে। এর ফলে আনুমানিক ১৮ থেকে ২২ হাজার শ্রমিক-কর্মচারী সাময়িকভাবে কর্মহীন অবস্থায় পড়েছেন। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সংকট দীর্ঘায়িত হলে শ্রমিকদের জীবিকা, রফতানি কার্যক্রম এবং জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব আরও প্রকট হতে পারে।বুধবার প্যাসিফিক জিন্স গ্রুপের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে কারখানার সুইং, ওয়াশিংসহ সব বিভাগের উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ায় ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত উৎপাদনসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মানবসম্পদ ও প্রশাসন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে সিইপিজেডের নির্বাহী পরিচালক মহিউদ্দিন বিন মেজবা বলেন, কয়েকদিন ধরে গ্যাস সংকটের কারণে উৎপাদন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটেছে। এ কারণেই প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেছে। তিনি বলেন, ইপিজেড এলাকার সব কারখানায় সমানভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে।শিল্পসংশ্লিষ্টরা বলছেন, তৈরি পোশাক শিল্পে উৎপাদন কয়েকদিন বন্ধ থাকলে বিদেশি ক্রেতাদের নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এতে ক্রয়াদেশ বাতিল, অতিরিক্ত পরিবহন ব্যয়, আর্থিক ক্ষতি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।শ্রমিক নেতাদের মতে, কয়েক দিনের ছুটিও নিম্ন আয়ের শ্রমিক পরিবারের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করে। অনেক শ্রমিক দৈনন্দিন আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় তাদের সংসার চালানো, বাসাভাড়া, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সংকট দেখা দিতে পারে। একই সঙ্গে উৎপাদন ব্যাহত হলে ওভারটাইম আয়ও কমে যায়, যা শ্রমিকদের মাসিক আয়ে নেতিবাচক প্রভাব ফেলে।সংশ্লিষ্ট মহলের মতে, দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে গ্যাস সংকট অব্যাহত থাকলে শুধু একটি প্রতিষ্ঠানের নয়, সামগ্রিক শিল্প উৎপাদন, বৈদেশিক মুদ্রা অর্জন, বিনিয়োগ পরিবেশ এবং জাতীয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়তে পারে। তাই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।


মন্তব্য