মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> বাংলাদেশের চট্রগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ মৌসুমি বন্যা ও ভূমিধসে প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং মানবিক সংকটে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে মালদ্বীপ সরকার।মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নিজ ফেসবুকে এক শোকবার্তায় , বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বন্যা ও ভূমিধসে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, শক্তি ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য শুভকামনা জানান।শোকবার্তায় প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের এই দুর্যোগময় সময়ে মালদ্বীপ সরকার ও জনগণ বাংলাদেশের পাশে রয়েছে। তিনি উল্লেখ করেন, চলমান মৌসুমি বন্যা ও পাহাড়ী ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবেলায় মালদ্বীপ বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি, সমর্থন ও মানবিক সহমর্মিতা অব্যাহত রাখবে।তিনি আরও বলেন, যারা এই দুর্যোগে তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সকলের প্রতি মালদ্বীপ সরকারের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রয়েছে। এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের সাহস, ধৈর্য ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতার প্রতি তিনি আস্থা প্রকাশ করেন।উল্লেখ্য, টানা ভারী বর্ষণের ফলে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবিক সংকটে দিন কাটাচ্ছে। দুর্গত এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।


মন্তব্য