এনামুল হক, ফরিদপুর উপজেলা (পাবনা) প্রতিনিধি >>> পাবনার ফরিদপুর উপজেলা প্রেসক্লাবে একটি ভিডিও সংবাদকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা একটি অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যকে “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।জানা যায়, গত ৯ জুলাই ২০২৬ তারিখে দৈনিক আজকের ঢাকা অনলাইন পত্রিকায় “পাবনার ফরিদপুরে দলীয় প্রভাব ও পেশিশক্তির অপব্যবহার করে অন্যের জায়গা দখল করে দোকান নির্মাণ করছেন পৌর বিএনপির সভাপতি আবু তাহের; এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন জনতা” শিরোনামে একটি ভিডিও সংবাদ প্রকাশিত হয়।সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি আবু তাহের বলেন, আলোচিত জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। ডি.এস., এস.এ. ও আর.এস. রেকর্ডে জমিটি তার বাবার নামে ছিল এবং পরবর্তীতে তার ভাই আবু তালেবের নামে বৈধভাবে রেজিস্ট্রি করা হয়েছে। তিনি দাবি করেন, ওই জমিতে তার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই এবং প্রকাশিত ভিডিও সংবাদে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।আবু তাহের আরও অভিযোগ করেন, থানাপাড়া এলাকার আব্দুল হাই জবা নামের এক ব্যক্তি পৌর বিএনপির কমিটিতে স্থান না পাওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালিয়েছেন। তবে বিষয়টি জানতে আব্দুল হাই জবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন।সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাকিম খান বলেন, “আবু তাহের ১৯৮০ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত। তার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।”এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রকাশিত ভিডিও সংবাদের নিন্দা জানান এবং ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


মন্তব্য