আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামাল উদ্দিন সিকদার (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের ট্রাকও জব্দ করা হয়।রবিবার ২৭ জুলাই ২০২৬ ইং তারিখে র্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।র্যাব সূত্রে জানা যায়, কতিপয় মাদক কারবারি একটি ট্রাকে করে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে—এমন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানাধীন বিওসি মোড়স্থ বায়তুশ শরফ মসজিদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।তল্লাশির একপর্যায়ে ঢাকা মেট্রো-ট-১৬-৩৯০৪ নম্বরের একটি হলুদ রঙের সন্দেহভাজন ট্রাক চেকপোস্টে পৌঁছালে তা থামানো হয়। এ সময় ট্রাকটির চালক মো. কামাল উদ্দিন সিকদারকে (৫০) আটক করা হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের ডান পাশের চেম্বারে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪০টি পলিজিপার প্যাকে মোট ৭,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫৫ হাজার টাকা।আটককৃত চালক মো. কামাল উদ্দিন সিকদার কক্সবাজার জেলার উখিয়া থানার মধ্যম হলদিয়া এলাকার মৃত ফরিদ আলম সিকদারের ছেলে।র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য ও ট্রাকসংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য